গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৬

ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় গতকাল বৃহস্পতিবার জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে আসা উদ্ধারকারী ট্রেনের সাহায্যে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার পর বেলা পৌনে ৩টার দিকে ঐ রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, গতকাল সকালে যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুর মহানগরের ধীরাশ্রম স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য জামালপুর কমিউটার ট্রেনকে ঐ স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের জন্য স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে হোম সিগন্যাল এলাকা দিয়ে ক্রসিং পয়েন্ট অতিক্রম করছিল। এ সময় ঐ ট্রেনের ইঞ্জিনের দুপাশের ছয়টি চাকা হঠাত্ লাইনচ্যুত হলে চালক দক্ষতার সঙ্গে ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যায়।

তিনি আরো জানান, টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইন থাকায় ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা-রংপুরসহ বিভিন্ন রেলপথের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেনে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকর্মীরা লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে বেলা ২টা ৪৫ মিনিটের দিকে ঐ রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।