সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে বারদী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূিচতে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। এ সময় আসামিদের গ্রেফতারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম, মেয়ে শারমিন আক্তার ও ছেলে জাহিদ হাসান।
মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবারের অভিযোগ, এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে। আসামিদের পক্ষ থেকে অজ্ঞাত মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
