ইসরাইল ও হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২২:৩৫

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একই অভিযোগ আনা হয়েছে হামাসের বিরুদ্ধেও। মে মাসে ১১ দিন ধরে লড়াই হয়েছিল হামাসের সঙ্গে ইসরাইলের সেনাবাহিনীর। তার দুই মাস বাদে রিপোর্ট প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ। যেখানে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হলো। সংস্থাটি জানিয়েছে, আগস্টেই হামাসের বিষয়ে আলাদা রিপোর্ট প্রকাশ করা হবে। খবর ডয়চেভেলের

জেরুজালেমে ফিলিস্তিনি বসবাসকারীদের উচ্ছেদ নিয়ে প্রথম গোলমাল শুরু হয় হামাস এবং ইসরাইলের মধ্যে। সে সময় গাজা স্ট্রিপে একের পর এক বিমান         হামলা চালায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলের সেই বিমান হামলা নিয়ে এর আগেও অনেক বিতর্ক হয়েছে। হামলায় গাজা স্ট্রিপে অবস্থিত সংবাদ সংস্থার ভবনও সম্পূর্ণ ভেঙে গেছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের অন্তত তিনটি বিমান হামলায় ৬২ জন সাধারণ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যুদ্ধের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি হামাসের বিরুদ্ধেও সরব হয়েছে সংস্থাটি। তাদের বক্তব্য, ঐ ১১ দিনে ইসরাইলের জনবসতি লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুড়েছিল হামাস। যার ফলে ইসরাইলের সাধারণ মানুষও আক্রান্ত হয়েছেন। আয়রন ডোম থাকায় বহু মানুষের প্রাণ বেঁচেছে। এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড মরক্কোর সফর করছেন। তিনি দেশটির সঙ্গে তিনটি চুক্তি স্বাক্ষর করেছেন।

গত ডিসেম্বরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। তারপর মরক্কোতে ইসরাইলের দূতাবাস তৈরি হয়েছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সেই দূতাবাসের উদ্বোধন করবেন। স্বাক্ষর করা চুক্তির মধ্যে রয়েছে, মরক্কো ও ইসরাইলের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত চুক্তি। ক্রীড়া, যুব ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার চুক্তিও সই হয়েছে। একটি সমঝোতাপত্রেও সই হয়েছে।