যুদ্ধাপরাধের বিচারের জন্য সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করছে সুদান। দারফুর সংঘাতের জেরে করা এই মামলায় আরো কয়েক জন কর্মকর্তাকেও হস্তান্তর করা হবে। খবর আলজাজিরার
সুদান অঞ্চলে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৭৭ বছর বয়সি ওমর আল-বশির হেগভিত্তিক আন্তর্জাতিক আদালতের ওয়ান্টেড আসামি। জাতিসংঘ জানিয়েছে, ২০০৩ সালে শুরু হওয়া দারফুর সংঘাতে ৩ লাখের বেশি মানুষ মারা গেছে এবং ২৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুদানের মন্ত্রিপরিষদ বিভাগ ওমর আল-বশিরকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আল-মাহদি এই তথ্য জানিয়েছেন। তবে কবে তাকে হস্তান্তর করা হবে, সে বিষয়ে কিছু জানাননি পররাষ্ট্রমন্ত্রী। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বর্তমান সুদান সফর করছেন। তবে ওমরকে হস্তান্তরের আগে সামরিক ও বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে গঠিত শীর্ষ কাউন্সিলের অনুমোদন লাগবে।
