পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, আফগানিস্তানে ফেলে যাওয়া জঞ্জাল দূর করতেই পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। ২০ বছরের যুদ্ধের পর আগামী ৩১ আগস্ট আফগানিস্তান ছেড়ে যাবে মার্কিন সৈন্যরা। খবর আলজাজিরার
তালেবান যাতে শান্তি আলোচনা গ্রহণ করে সেজন্য পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। কাবুল সরকার এবং অনেক বিদেশি সরকার মনে করে, পাকিস্তানের সহায়তায়ই তালেবান আফগানিস্তানে দ্রুত অগ্রসর হচ্ছে। বুধবার ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ২০ বছরের সামরিক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র চলে যাচ্ছে। আর সেখানে থাকা জঞ্জাল পরিষ্কার করতেই পাকিস্তানকে প্রয়োজন মনে করছে যুক্তরাষ্ট্র। ইমরান খান বলেন, আফগানিস্তানে পাকিস্তান কারো পক্ষ নিচ্ছে না। তিনি জানান, আফগানিস্তানে আশরাফ ঘানি সরকারের সঙ্গে কোনো আলোচনা করতে চায় না তালেবান। কারণ তারা ঘানি সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার হিসেবে দেখেন। ইমরান খান বলেন, আমেরিকা এখন ভারতকে কৌশলগত অংশীদার মনে করছে। আর তাই পাকিস্তানের সঙ্গে ভিন্ন আচরণ করছে।
