বরিশালে আওয়ামী লীগ নেতার পিতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২২:৪২

বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা থেকে এক হোমিও চিকিত্সকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত অধ্যাপক (অব.) ডা. মো. মঞ্জুর মোর্শেদ (৭০) কাশিপুর এলাকার নব বায়ো-হোমিও চিকিত্সালয়ের স্বত্বাধিকারী। তিনি অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার ছেলে জগলুল মোরশেদ প্রিন্স নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ হালদার জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহের হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। সেই সঙ্গে তার নাক-মুখে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তিনি আরো জানান, সিআইডির টিম ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, সেই সঙ্গে মামলা দায়েরও করা হবে। নিহতের স্বজনেরা জানান, ডা. মো. মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাসার পেছনের জানালার একটি গ্রিল ভাঙা দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দেওয়া হয়।