খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভোক্তারা যাতে গ্রহণযোগ্য দরে চাল কিনতে পারেন, সেই লক্ষ্যে ইতিমধ্যে বেসরকারি পর্যায়ে ২৫ শতাংশ শুল্কে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ১৫-১৭ আগস্টের পরেই বেসরকারি পর্যায়ে চাল আমদানি শুরু হয়ে যাবে। আমন ধান ওঠার আগ পর্যন্ত এই আমদানি চলবে। আমন ধান বাজারে এলে কৃষকেরা যেন ধানের দাম পান, সেই লক্ষ্যে আমদানি বন্ধ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরুর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একশ্রেণির নব্য মজুতদার তৈরি হয়েছে, যারা আগে কখনো ধান-চালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। করোনা পরিস্থিতির কারণে অন্য অনেক ব্যবসা বন্ধ থাকায় যাদের কাছে টাকা রয়েছে তারা ধান-চাল মজুতের ব্যবসা শুরু করেছেন।
তিনি বলেন, যেসব মিলমালিক পাক্ষিক ছাঁটাইক্ষমতার বাইরে গুদামে চাল মজুত করেছেন এবং যেসব নব্য মজুতদার অবৈধভাবে চাল মজুত করে রাখছেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ছাড়াও প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
