১৯ আগস্ট খুলছে পর্যটন ও বিনোদনকেন্দ্র

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২২:৪২

এবার আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও খুলে দিচ্ছে সরকার। একই সঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়ম উঠে যাচ্ছে। আগামী ১৯ আগস্ট থেকে বিনোদনকেন্দ্র ও গণপরিবহন পুরোপুরি খুলে দিয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন করে চারটি শর্ত দিয়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসনসংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।         সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরো অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে, যদিও পরিস্থিতি সন্তোষজনক নয়। আমরা জীবন-জীবিকার কথা বিবেচনা করে সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। তবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরো অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেওয়া হতে পারে।’

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, দেশে করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করার ধারাবাহিকতায় আজ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পর্যটন ও বিনোদনকেন্দ্র চালু করতে বলা হয়েছে। ১৯ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সরকার দুটি কৌশল অবলম্বন করতে পারে। একটি হলো বিধিনিষেধ বা লকডাউন দেওয়া। অন্যটি হচ্ছে পুরোপুরি ছেড়ে দেওয়া। যে কৌশলই নিক না কেন, সবাইকে কিন্তু মাস্ক পরতে হবে।’

এর আগে বিধিনিষেধ শেষে গতকাল বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে মোটামুটি সবকিছু খুলে দেয় সরকার। গত ৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে আসনসংখ্যার সমান যাত্রী নিয়ে চলছে সব ধরনের গণপরিবহন। তবে তখন সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

একই সঙ্গে বুধবার থেকে খুলেছে দোকান-শপিংমল, অর্ধেক আসন খালি রেখে খুলেছে হোটেল-রেস্তোরাঁও। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা রয়েছে।