কী ঘটতে যাচ্ছে অস্কারে?

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

সেই ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে বিশ্বের সেরা চলচ্চিত্র পুরস্কার অস্কার। শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প-সাহিত্যের ইতিহাসে অস্কার পুরস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে সকল তারকার আকাঙ্ক্ষিত বটে। অস্কারের ৯১তম জমকালো আসর বসবে ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। তবে এরইমধ্যে শুরু হয়েছে অস্কার নিয়ে নানা আলোচনা-সমালোচনা। ঘটনাও ঘটে গেছে অনেকখানি। সেগুলো নিয়েই এই আয়োজন—

৩০ বছর পর আরেকটি অঘটন

 

১৯৮৯ সালে প্রথমবারের মতো উপস্থাপক ছাড়া ৬১তম অস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ৩০ বছর পর আবারো এই অঘটনটি ঘটতে যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অস্কার কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট কেরি বার্ক বলেছেন, ওয়াল্ট ডিজনির অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এবিসি অস্কারের বার্ষিক আসর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে। একইসঙ্গে সম্প্রচার পরিকল্পনার সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে এটি।

গতবছরের ডিসেম্বরে কমেডিয়ান কেভিন হার্ট অস্কারের এবারের আসরের উপস্থাপনার দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। মূলত কেভিনের সরে যাওয়ার পর থেকেই অস্কারের পরবর্তী উপস্থাপক কে হবেন, তা চূড়ান্ত করা নিয়ে জটিলতায় পড়ে আয়োজকরা।

 

 

সময় পরিবর্তন

 

৯১তম অস্কারে বেশকিছু বিষয়ে নতুনত্ব দেখা যাবে। অস্কার অনুষ্ঠানের সময়সীমা ৪ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা করা হয়েছে। অনুষ্ঠানের দিনক্ষণও পরিবর্তিত হয়েছে। আগামীবছর থেকে ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 

কৃষ্ণাঙ্গদের রাজত্ব

 

স্পাইক লি এবারই প্রথম অস্কারের ইতিহাসে ব্ল্যাকক্লানসম্যান ছবির জন্য তিনি সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন। ছবিটি এর বাইরে আরো ৫টি বিভাগে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এগুলো হলো সঙ্গীত, চিত্রনাট্য, সম্পাদনা, পার্শ্ব-অভিনেতা (অ্যাডাম ড্রাইভার) ও সেরা ছবি। কৃষ্ণাঙ্গদের উদাহরণ শুধু এক স্পাইক লি না, ব্ল্যাকক্লানসম্যানসহ আরো বড় বড় সহযোগীও পেয়েছে এ বছর। রায়ান কুগলারের ব্ল্যাক প্যান্থার ও ব্যারি জেনকিন্সের ইফ বিল স্ট্রিট কুড টক—এ ছবিগুলোও একাধিক বিভাগে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। ব্ল্যাক প্যান্থার লড়বে স্পাইক লির সঙ্গে সেরা ছবির লড়াইয়ে।

কৃষ্ণাঙ্গ পরিচালকদের ছবি এবার সঙ্গীতের জন্যও রেকর্ডসংখ্যক মনোনয়ন পেয়েছে। অন্য রেকর্ড হলো ব্ল্যাক প্যান্থার প্রথম সুপারহিরো ছবি, যা সেরা ছবির মনোনয়ন পেল। আর স্পাইক লি হলেন অস্কারের ইতিহাসে ষষ্ঠ কৃষ্ণাঙ্গ পরিচালক, যিনি সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেলেন। ব্ল্যাক প্যান্থারের হানা বিকলার প্রডাকশন ডিজাইনার বিভাগে মনোনয়ন পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী। ব্যারি জেনকিন্সের ইফ বিল স্ট্রিট কুড টক মনোনয়ন পেয়েছে সেরা পরিচালক, সেরা ছবি, সেরা সম্পাদনা, আর শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি বিভাগে।