এক দিনে শনাক্ত ও মৃত্যু কমেছে

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২২:৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন, একই সময়ে মারা গেছেন ২১৫ জন। আগের দিন বুধবার সারা দেশে ১০ হাজার ৪২০ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২৩৭ জনের। সেই হিসেবে এক দিনের ব্যবধানে শনাক্ত রোগীর আর মৃত্যুর সংখ্যা দুটোই আরো কমেছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫ হাজার ৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট শনাক্ত রোগীর অর্ধেক।

দেশে গতকাল পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন এবং মৃত্যু হলো ২৩ হাজার ৬১৩ জনের। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৯৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি এবং এখন পর্যন্ত ৮৩ লাখ ১ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং নারী ১০৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৫ হাজার ৬২৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৯৮৮ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছরের ঊর্ধ্বে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে দুই জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, এক দিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৫ জন, চট্টগ্রামে ৫৪ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ২৮ জন, বরিশালে ১২ জন, সিলেটে ২২ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৭৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৪ জন এবং বাসায় তিন জন।