ছবি এঁকে, গান, আবৃত্তি ও কথামালায় সিআরবি রক্ষার দাবি জানানো হয়েছে। পরিবেশবাদী সংগঠন পিপল’স ভয়েস গতকাল বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচি পালন করে। শিল্পীরা যখন রং-তুলিতে ক্যানভাসে সবুজ ফুটিয়ে তুলছিলেন তখন প্রতিবাদী গান ‘এন্ডে তোয়ারা হাসপাতাল বানাইলে আঁরা বাইচ্চুম কেন গরি’ গাওয়া হচ্ছিল। কথামালায় নানা শ্রেণি-পেশার মানুষ জানালেন, হাসপাতাল প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত চলবে চট্টগ্রামবাসীর আন্দোলন।
এভাবে আবৃত্তি, গানে, ছবিতে ও প্রতিবাদে মুখর ছিল সিআরবি সাত রাস্তার মোড়। এরআগেও গত মাসে সিআরবি এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার দাবিতে শতবর্ষী বৃক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নামফলক স্থাপনের কর্মসূচি পালন করেছিল পিপল’স ভয়েস।
গতকাল বিকালে সাত রাস্তার মোড়ে পিপল’স ভয়েস সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখেন :সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনকারী নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষক ডা. মাহফুজুর রহমান, পরিবেশবিদ ড. মোহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, জ্যেষ্ঠ শিল্পী গৌতম পাল, চবি চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল দেবনাথ, বাসদ নেতা মহিন উদ্দিন, লেখক তুষার কান্তি বসাক, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, সাংবাদিক প্রীতম দাশ, পিপল’স ভয়েসের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান।
মিঠুন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সিআরবি নিয়ে রচিত প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শঙ্কর দে, আলাউদ্দিন তাহের, সুজিত চক্রবর্তী ও জগন্নাথ দাশ। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী কঙ্কন দাশ, প্রণব চৌধুরী, সেলিম রেজা সাগর, তাসকিয়াতুন নূর তানিয়া ও সঞ্জয় পাল।
