হত্যা চেষ্টার মামলা থেকে রন ও দিপু সিকদারকে অব্যাহতি

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০০:২০

হত্যা চেষ্টার মামলায় তথ্যগত ভুল থাকায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি  শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন আদালতে মামলার বাদী ও আসামিরা হাজির ছিলেন। বাদী আদালতকে জানান, আসামিদের মামলা থেকে অব্যাহতি দিলে তার কোনো আপত্তি থাকবে না। এরপর আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতি দেয়।

এর আগে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রিপন উদ্দিন গত ২৭ জুলাই এ দুই আসামির অব্যাহতি চেয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, ‘কিছু তথ্যগত ভুল বা ভুল বোঝাবুঝির ভিত্তিতে মামলাটি দায়ের করেন বাদী। তাদের (বাদী-বিবাদী) মধ্যে একটি আপসনামা হয়েছে।’

গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে গ্রেফতার করা হয়। এরপর ঐ দিন বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত বিশেষ বিবেচনায় জামিন দেন।

উল্লেখ্য, এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গত বছর মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।