রামেক হাসপাতালে ১৫ শতাংশের মৃত্যু করোনা-পরবর্তী জটিলতায়

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০০:২০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে চিকিত্সাধীন রোগীরা নেগেটিভ হওয়ার পরও হাসপাতাল ছাড়তে পারছেন না। কেউ হাসপাতাল ছাড়লেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে আবার হাসপাতালে ফিরে আসছেন। এদিকে চলতি মাসের ১২ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৭৯ জন। এদের মধ্যে করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা যান ২৪ জন। এ ধরনের মৃত্যুর হার ১৩ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে টানা দুই মাসের মধ্যে গতকাল বৃহস্পতিবার রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে ১০-এর কম (৯ জনের) মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে ৫৩১ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩১ জন করোনামুক্ত ছিলেন। মৃত্যু হার ৫ দশমিক ৮৪ শতাংশ। গত জুন মাসে করোনা ইউনিটে মৃত ৩৬৯ জনের মধ্যে করোনামুক্ত ছিলেন ৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৯০ শতাংশ।

গত ১০ থেকে ১২ আগস্টের তথ্য মতে, রামেক হাসপাতালে চিকিত্সাধীন রোগীর ১৮ দশমিক ৩৬ শতাংশ রোগী করোনামুক্ত হওয়ার পরও শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এছাড়া করোনা ইউনিটে নেগেটিভ হওয়ার পরও মৃত্যু হার ১৫ শতাংশ। আইসিইউতে যাওয়া রোগীদের মধ্যে করোনামুক্ত রোগী ১৮ দশমিক ৩৩ শতাংশ।

সংশ্লিষ্ট চিকিত্সকেরা বলছেন, ডেলটা ভেরিয়েন্টে (ভারতীয় ধরন) ‘পোস্ট কোভিড’ জটিলতা যেমন বাড়ছে; তেমনি বাড়ছে হাসপাতালে এ ধরনের রোগী ও মৃত্যুর সংখ্যাও। যারা করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন, তাদের বেশির ভাগই করোনা আক্রান্ত হওয়ার পর চিকিত্সা শুরু করতে বিলম্ব হয় বলে ধারণা করা হচ্ছে।