পাকিস্তানে গত মাসে চীনা প্রকৌশলীদের বহনকারী বাসে আত্মঘাতী হামলার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ‘এনডিএস’ জড়িত বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন। ওই হামলায় ১৩ জন নিহত হন যাদের মধ্যে ১০ জন চীনের নাগরিক এবং তিনজন পাকিস্তানি। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কোরেশি বলেন, ওই গাড়িটি ছিল বিস্ফোরক ভর্তি। চালক নিজেই আত্মঘাতী হামলা চালান। তার শরীরের কিছু অংশ পাওয়া গেছে। তার ফিঙ্গার প্রিন্টও পাওয়া গেছে। বাসটি আফগানিস্তান থেকে পাকিস্তানে চোরাইপথে আনা হয় বলে কোরেশি জানান। হামলায় আফগানিস্তানের মাটি ব্যবহার করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যে হামলাটি হয়েছে ‘র’ এবং ‘এনডিএস’ এর পরিকল্পনায়। -আলজাজিরা
