বগুড়ায় করোনা ও ডেঙ্গুতে মারা গেলেন একজন

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:০৬

বগুড়ায় করোনাভাইরাস ও ডেঙ্গু শনাক্ত হওয়া এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম শাফিকুল আলম (৫৮)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

শাফিকুল আলম বগুড়ার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ধলিরচর গ্রামে। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকায় বসবাস করতেন।

বগুড়ায় অক্সিজেন সরঞ্জাম সংকটে ১৩ ঘন্টায় মারা গেল ৭জন

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, শাফিকুল আলমের করোনা শনাক্ত হওয়ার পর ৫ আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে ৮ আগস্ট ডেঙ্গু পরীক্ষা করা হয়। তাতেও তাঁর পজিটিভ ফল আসে। ওই দিন শ্বাসকষ্ট বেশি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। করোনা ও ডেঙ্গু পজিটিভ হয়েই তিনি মারা যান।

হাসপাতালের উপপরিচালক আরও বলেন, শাফিকুল আলম এখানে ডেঙ্গু পজিটিভ হয়ে মারা যাওয়া প্রথম রোগী। তা ছাড়া একই সঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা জেলায় এটাই প্রথম।

ইত্তেফাক/এমআর