আবারো টিভিতে জয়ার ‘গেরিলা’

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৩৬

 বিনোদন রিপোর্ট

 

দীর্ঘ ক্যারিয়ারে দুই বাংলার বেশ কয়েকটি গল্প ও ইতিহাস নির্ভর চলচ্চিত্র দিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেই তালিকায় রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’। প্রশংসিত এই চলচ্চিত্রটি শোক দিবস উপলক্ষে আগামীকাল বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত এই ছবিটিতে জয়া আহসান, শতাব্দি ওয়াদুদসহ অনেকেই অভিনয় করেছেন। এছাড়াও শোক দিবস উপলক্ষে তাদের বিশেষ অনুষ্ঠানমালায় বেশকিছু অনুষ্ঠান প্রচার করবে। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’ এবং রাজু আলীমের প্রযোজনায় দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তারকা কথন’। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা’। রাত ৯টা ৫০ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘মাটি ও মানুষের মহান নেতা’ এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিকল্পনা, উপস্থাপনা ও পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান ‘তোমরা অমর’। এছাড়া শোক দিবসের বিশেষ নাটক ‘প্রতিজ্ঞা’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব এবং অভিনয় করেছেন এলেন শুভ্রা, হান্নান শেলি, মোমেনা চৌধুরী, সোহেল খান প্রমুখ।