বিনোদন রিপোর্ট
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অসংখ্য গান এরইমধ্যে রচিত ও গাওয়া হয়েছে। সেই তালিকার ‘যদি রাত পোহালে শোনা যেত’ গানটি আজও মানুষের হূদয়ে গেঁথে আছে। গানটি লিখেছেন হাসান মতিউর রহমান এবং মলয় কুমার গাঙ্গুলীর সুরে এতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। কালজয়ী এই গানটি আবারো নতুন করে সংগীতায়োজন করা হচ্ছে। আসছে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মরণে পুরনো এই গানটিতে নতুন আবহ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। গানটির কথা ও সুর ঠিক রেখে সংগীতায়োজনে আনা হয়েছে নতুনত্ব, নির্মিত হয়েছে ব্যয়বহুল একটি ভিডিও। এটি নির্মাণ করেছেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী। এই বিশেষ সংগীত প্রজেক্টের প্রকাশনা ও মোড়ক উন্মোচন হয় গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
টি এম প্রোডাকসন্স ও টি এম রেকর্ডসের যৌথ আয়োজনে নির্মিত গানটিতে একঝাঁক সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন। তাদের মাঝে রয়েছেন ঐশী, লুইপা, দোলা, আনিকা, ডোরা, আর্নিক, রেশমী, তাসফি, সিঁথি সাহা, পূজা, হৈমন্তি, পতুল, ঝিলিক, কর্ণিয়া ও কৌশিক হোসেন তাপস। নতুন সংগীতায়োজনে গানটি তৈরি প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় একটি গান এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি যেন নতুন সংগীতায়োজনের মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মকে গানটির সঙ্গে আরো ব্যাপকভাবে সংযুক্ত করা যায়।’ গানটি টিভিসহ বিভিন্ন মাধ্যমে আগামীকাল অবমুক্ত করা হবে।
