‘হতাশ না হয়ে অপেক্ষা করুন’

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৩৬

 বিনোদন ডেস্ক

 

দুই বলিউড স্টার হূত্বিক রোশন ও দীপিকা পাডুকোনকে একসঙ্গে দেখার দর্শক প্রতীক্ষা ছিল দীর্ঘদিনের। সেই অপেক্ষার পালা শেষ করতেই তারা জুটি বেঁধেছেন ‘ফাইটার’ সিনেমায়। বর্তমানে সিনেমাটি শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তারা। ক’দিন আগেই সিনেমাটির ট্রেজার বলিপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলে। এরপর থেকেই ভক্তদের মাঝে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে, কবে পর্দায় দেখবেন তাদের। তবে তাদের মন খারাপের একটি খবর দিলের সিনেমাটির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। নির্ধারিত তারিখে আলোর মুখ দেখছে না সিনেমাটি। এয়ারিয়াল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি হিসেবে অভিহিত এই সিনেমাটি ২০২২ সালে সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমা হলে মুক্তি ও ব্যবসাসফলতার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক-নির্মাতা। নির্মাতা জানান, ২০২৩ সালের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এ নিয়ে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘ফাইটার আমাদের ড্রিম প্রোজেক্ট। মারফ্লিক্স প্রোডাকশনের এই সিনেমাটি সারাবিশ্বের বলিপ্রেমীর কাছে পৌঁছে দিতে চাই। যারা ভারতীয় অ্যাকশন সিনেমা পছন্দ করেন তারা লুফে নেবেন এই সিনেমাটি। তাই সিনেমা হল ও ওটিটিতে মুক্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘হূতিকের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি জানি আমার মতো আপনারাও উচ্ছ্বসিত এবং অপেক্ষায় আছেন। কিন্তু আমাদের নানা প্রতিকূলতা মোকাবেলা করে এখন চলতে হচ্ছে। তাই এত বড় বাজেট ও ভালো গল্পের একটি কাজ সকলে কাছে পৌঁছে দিতে নির্মাতা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাই বলবো, হতাশ না হয়ে অপেক্ষা করুন।’