রাশিয়ায় বাসে বিস্ফোরণে এক জন নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৩৯

আলজাজিরা

রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাসে বিস্ফোরণে এক নারীর মৃত্যু এবং অন্য ১৭ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

বিস্ফোরণের ঘটনাস্থল ভোরোনেজের ডেপুটি গভর্নর সের্গেই সোলোকভ ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে বলেছেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়নি।’ বাসের চালক রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়া-২৪ নিউজ চ্যানেলে বলেছেন, বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল।

বৃহস্পতিবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, ‘আহতদের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে, তবে এদের মধ্যে এক মহিলা মারা গেছেন।’

বাসটি একটি শপিং সেন্টারের কাছে থামানো অবস্থায় এই বিস্ফোরণ ঘটে। পথচারীদের তোলা এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে গাড়ির ছাদ বিচ্ছিন্ন এবং জানালাগুলো উড়ে গেছে। জাতীয় তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, মস্কো থেকে বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। তারা বাসটির রক্ষণাবেক্ষণ নিয়ে অবহেলার দায়ে মামলা করেছেন।

 

০