চাটমোহরের বাজারে মধুপুরের আনারস

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪০

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর উপজেলার হাটবাজারে বিক্রির জন্য সারি সারি করে সাজানো রয়েছে মধুপুরের আনারস। উপজেলা হাটবাজার ও সড়কের মোড়গুলো এখন যেন আনারসের দখলে। শুক্রবার সকালে আনারস ক্রেতা শিক্ষক আলতাব হোসেন বলেন, মধুপুরের আনারস সুস্বাদু, রসালো ও মিষ্টি হয়। কিন্তু এখন দাম একটু বেশি। ফল ব্যবসায়ী মহির উদ্দিন জানান, বাজারে মধুপুরের আনারসের চাহিদা বেশি। আকারভেদে এক জোড়া আনারস ১২০-১৬০ টাকায় বিক্রি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. মতিউর রহমান বলেন, আনারসে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস রয়েছে। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।