নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় নেসকোর ৩৩/১১ হাজার কেভি উপকেন্দ্রের কন্ট্রোল রুমে শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে ব্রেকার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এরপর থেকে নওগাঁ শহরসহ সদর উপজেলা, রাণীনগর, আত্রাই উপজেলার কিছু অংশ এবং বগুড়া জেলার শান্তাহার ও আদমদীঘি এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। নেসকোর কর্মকর্তারা জানান, ভোর সাড়ে ৫টায় হঠাত্ কন্ট্রোল রুমে বিকট শব্দ হয়। এরপর কন্ট্রোল রুমে আগুন দেখা যায়। তখন দায়িত্বরত কর্মকর্তারা নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ১২টি ব্রেকার, সুইচ বোর্ড ও ক্যাবলসহ অন্যান্য সব যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে এ সময় কেউ হতাহত হননি। তিনি জানান, কন্ট্রোল রুম সচল করতে কাজ শুরু হয়েছে। এছাড়া রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা হয়েছে। তবে কখন নাগাদ বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
