স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী ও নাটোরে সামান্য কমলেও চাঁপাইনবাবগঞ্জে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে উল্লিখিত তিন জেলার ৫৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় ১১৯ জনের করোনা পজিটিভ নিশ্চিত হওয়া যায়। ল্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে রাজশাহী জেলার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা পজিটিভ হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৮ শতাংশ কম। এদিন রাজশাহীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৫ শতাংশ। অথচ আগের দিন বুধবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। উল্লিখিত নমুনায় ১৬ জনের করোনা পজিটিভ হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৬৫ শতাংশ বেশি। এদিন চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৮৬ শতাংশ। অথচ আগের দিন বুধবার শনাক্তের হার ছিল ২০ দশমিক ২১ শতাংশ। এদিকে বৃহস্পতিবার রামেক ল্যাবে নাটোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিন নাটোরে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। আগের দিন বুধবার নাটোর জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৬ শতাংশ। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বলেছেন, টানা ৭ দিন না বাড়লে এ বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
