ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ আগস্ট একটি মাছ ধরার নৌকায় করে ভোলার চরফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাট হতে ১৫ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশে গমন করে। ঐদিনই মাছ ধরার সময় হাতিয়ার নতুন চ্যানেল হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি টানা দুই দিন ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন চ্যানেল হতে ০৭ নটিক্যাল মাইল দূরে নেটওয়ার্কের আওতায় আসলে বৃহস্পতিবার রাত ৩টায় নৌকার জেলেরা কোস্ট গার্ড স্টেশন ভাসানচরকে সাহায্যের আবেদন জানায়। সংবাদ পাওয়া মাত্র একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
