ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
ফকিরহাটে দিনদিন বেড়েই চলেছে পরিবেশ বিনষ্টকারী পলিথিন ব্যাগের ব্যবহার। বর্ষা মৌসুমে যত্রতত্র ফেলে রাখা পরিত্যক্ত পলিথিনে পানি জমে এডিস মশার বিস্তার ঘটছে। পলিথিন ব্যাগ বিক্রি, ব্যবহার, পরিবহন ও মজুতের ওপর বিধিনিষেধ থাকলেও স্থানীয় প্রভাবশালী কিছু অসাধু শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা দেদার বিক্রি ও ব্যবহারসহ তা উন্মুক্ত স্থানে ফেলে কৃষি ও পরিবেশ বিপর্যয় ডেকে আনছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, অধিকাংশ ক্রেতা ছোট-খাটো বাজার করার ক্ষেত্রে ব্যাগ আনেন না, তাছাড়া প্রতিটি নেটের ব্যাগ দুই টাকায় বিক্রি হওয়ার ফলে বাধ্য হয়েই কম মূল্যের পলিথিন ব্যাগের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিসটি সরবরাহ করতে হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ইত্তেফাককে বলেন, অবৈধভাবে পলিথিন ব্যাগের ব্যবহার ও বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে বাড়ির আঙিনাসহ সব স্থান থেকে পলিথিন এক স্থানে সংগ্রহ করে তা ফাঁকা স্থানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। পরিবেশ রক্ষায় ও এডিস মশার বংশবিস্তার রোধে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
