সুজানগরে কাঁচা মরিচের দাম চড়া

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরের হাট-বাজারে কাঁচা মরিচের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এতে ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ৮/১০ আগেও সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র ৮/১০ দিনের ব্যবধানে বর্তমানে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পৌরসভার মানিকদীর গ্রামের ভ্যানচালক আব্দুল লতিফ জানান, গত বুধবার তিনি কাঁচা মরিচ কিনতে পৌর বাজারে গিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত চড়া দামের কারণে কিনতে পারেননি। পরে বিকল্প হিসেবে শুকনো মরিচ কিনেছেন। মথুরাপুর গ্রামের খবির প্রামাণিক জানান, হাট-বাজারে কাঁচা মরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু তারপরও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় মাত্রাতিরিক্ত চড়া দামে বিক্রি করছে। ফলে নিম্ন আয়ের মানুষ কাঁচা মরিচ কিনতে পারছেন না। তবে সবজি ব্যবসায়ীরা বলেন, বৃষ্টি আর বন্যার পানিতে কাঁচা মরিচের খেত নষ্ট হয়ে যাওয়ায় আমদানি কমে গেছে। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, কোনো ব্যবসায়ী বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কিংবা অধিক মুনাফা লাভের আশায় চড়া দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।