এএফসি কাপে খেলার সুযোগ হারাচ্ছে আবাহনী

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪৩

স্পোর্টস রিপোর্টার

মুক্তিযোদ্ধার বিপক্ষে হারের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ড্র করেছিল আবাহনী। আরামবাগকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের মুখ দেখতেই আবার হেরেছে আবাহনী। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে হারিয়েছে আবাহনীকে। সাইফকে প্রথম পর্বে হারিয়েছিল আবাহনী।

২১ খেলায় ১১ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আবাহনী টেবিলের তৃতীয় স্থানে। সাইফ স্পোর্টিং ২০ খেলায় ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আবাহনী লিগ রানার্সআপ হওয়ার সুযোগ হারাচ্ছে। ৪২ পয়েন্ট নিয়ে আবাহনীর উপরে রয়েছে শেখ জামাল। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বসুন্ধরা কিংস এরই মধ্যে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারা আগামী এএফসি কাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। এখন লিগ রানার্সআপ দল এএফসি কাপে খেলতে পারবে, ক্লাব লাইসেন্স থাকার শর্তে। আবাহনী যদি এভাবে পেছাতে থাকে তাহলে সেই সুযোগও থাকবে না।

জামাল ভুঁইয়ার সাইফের বিপক্ষে আবাহনীর করুণ অবস্থা হয়েছিল। দুই গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে যায় আবাহনী। কিন্তু শেষ রক্ষা হয়নি। নাইজেরিয়ান ফুটবলার ইকেচুকু কেনেথ ৪৩ মিনিটে স্বদেশি জন ওকোলি গোল সংখ্যা দ্বিগুণ করেন প্রথমার্ধের ইনজুরি টাইমে। আবাহনী দ্বিতীয়ার্ধে লড়াই করে ৭৭ মিনিটে গোল পায়। হাইতির বেলফোর্ট ব্যবধান কমান। এক মিনিট ব্যবধানে জুয়েল রানা গোল করে সমতা আনেন ২-২। ধারণা ছিল ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি হলো। কিন্তু সাইফ স্পোর্টিং ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে তৃতীয় গোল পেয়ে যায়। আবার সেই নাইজেরিয়ান ইকেচুকু কেনেথ গোল করেন জয় এনে দেন ৩-২।

একই মাঠে রাতে অনুষ্ঠিত আরেক খেলায় ক্রিস্টিয়ান কুয়াকুর হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়েছে পুলিশ।

আজকের খেলা : মোহামেডান ও রহমতগঞ্জ। চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স। ৪টা ও ৬টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।