কিরগিজস্তানে তিনটি প্রীতি ম্যাচ, ফিরেছেন কোচ জেমি
স্পোর্টস রিপোর্টার
বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি আগামী চার মাসের জন্য ফুটবল পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে জাতীয় দল ছাড়াও রয়েছে অনূর্ধ্ব-২৩ ফুটবলের ম্যাচ।
মূলত আগামী সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করেই জাতীয় দলের প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সামনে ফিফার প্রীতি ম্যাচ খেলার যে উইনডো রয়েছে সেটা কাজে লাগতে কিরগিজস্তান পাঠানো হবে জাতীয় দলকে। সেখানে তিনটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ফিফার উইনডো ৩০ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় দলের প্রস্তুতি পর্ব শুরু করতে গতকাল সকালে ঢাকায় এসেছেন বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। কথা রয়েছে আগামী ২৮ আগস্ট প্রস্তুতি শুরু করবেন তিনি।
গতকাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল মিটিং হয়। মিটিং শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল কিরগিজস্তানের তিন ম্যাচ খেলে ঢাকায় ফিরে ১০ দিন অনুশীলন করবে ফুটবল দল। এর মধ্যে বসুন্ধরা কিংসের লিগের বাকি তিন ম্যাচ হয়ে যাবে। এর আগে থেকেই খেলোয়াড়রা লিগের মধ্যে রয়েছে। খেলোয়াড়দের ফিটনেস লেভেল ভালো অবস্থা থাকবে।
এই সবই সাফ চ্যাম্পিয়নশিপ কেন্দ্র করে। আগামী ১-১৩ অক্টোবর সাফ হবে মালদ্বীপে। সেখানে এবার পাঁচ দেশ অংশগ্রহণ করবে। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল। ভুটান খেলবে না। করোনার কারণে ভুটান সরকার তার ফুটবল দলকে বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আর পাকিস্তানের সমস্যা হচ্ছে তারা আদালত সংক্রান্ত বিষয়ে ঝামেলায় রয়েছে। পাঁচ দেশ হওয়ায় এবার সাফ হবে লিগ পদ্ধতিতে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। বাংলাদেশ মনে করছে পেছনের সাফগুলোর চেয়ে এই সাফে আরো ভালো খেলতে পারবে।
অক্টোবরে কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ দলের কোয়ালিফাইং ম্যাচ আছে। এখানে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, কুয়েত এবং উজবেকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফিফার আরো একটি উইনডো খেলা আছে ৮-১৬ নভেম্বর। এই উইনডো কাজে লাগাতে বাফুফে কথা বলছে ইন্দোনেশিয়া, নেপাল এবং মঙ্গোলিয়ার সঙ্গে। যেকোনো একটি দেশ ঢাকায় আসতে পারে প্রীতি ম্যাচ খেলতে।
