স্পোর্টস ডেস্ক
দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় আসরটির শিরোপার দাবিদার হিসেবে তিন দলকে ভেবে রেখেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস। যেখানে রাখেননি তার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশও সেই তালিকায় নেই। তবে গিবসের বিশ্বাস, বিশ্বকাপে চমক দেখাতে পারে টাইগাররা।
কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলার জন্য বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন গিবস। সেখানেই ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাত্কারে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গিবস বলেন, ‘অবশ্যই আমি বলব (শিরোপার দাবিদার) ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। শ্রীলঙ্কা চমক দেখাতে পারে এমনকি বাংলাদেশও। তবে বর্তমানে আমার বাজি পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডকে নিয়ে। এটা খানিকটা নির্ভর করে কন্ডিশন কেমন হয়। উইকেটের ওপরও অনেক কিছু নির্ভর করে। যদি হালকা টার্ন থাকে আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ বিপজ্জনক হবে। কারণ তারা ব্যাটে আসা বল খেলতে পছন্দ করে।’
