স্পোর্টস রিপোর্টার
জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির একমাত্র কন্যা ইজানা মাহমুদ হুরের প্রথম জন্মদিন ছিল গত ২৭ জুলাই। জিমির মা মেহের নিগার, নাতনির জন্মদিনটা ধুমধাম করে পালন করতে চেয়েছিলেন। কিন্তু করোনার কারণে অন্যদের মতোই সবাই নিয়ম মেনে ঘরবন্দি ছিলেন জিমি। জন্মদিন পালন হয়নি। স্বাভাবিক পরিস্থিতি হলে আয়োজন করবেন, সেই খুশিটাকে সামনে রেখে আরো একটি খুশির খবর পেয়েছেন জিমি। হকি খেলোয়াড়দের দলবদলের ঘোষণায় জিমি খুশি। বলছিলেন, ‘শুধু আমি খুশি না। হকির সবাই খুশি। আমরা সার্ভিসেস দলে রয়েছি কিংবা জাতীয় দলে রয়েছি ভালো আছি। নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। যারা জাতীয় দলের বাইরে তারা একটা দুশ্চিন্তায় ছিলেন। দেখা হলেই জানতে চাইতেন খেলা কবে হবে। বলতে পারতাম না। যাক এখন একটা কুলকিনারা হয়েছে। খেলাটা হতে যাচ্ছে। দোয়াকরি, যেন ঝামেলামুক্ত খেলা হয়।’
আগামী ১৯-২৩ সেপ্টেম্বর খেলোয়াড় দলবদল ঘোষণা করা হয়। বিদেশি খেলোয়াড় সাত জন রেজিস্ট্রেশন করা যাবে, খেলতে পারবেন চার জন। বিকেএসপির খেলোয়াড় চার জন এক দলে খেলতে পারবেন।
জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় সার্ভিসেস দলে খেলে থাকেন। হকির লিগ কমিটির গঠন হয় ক্লাব হতে পাঠানো প্রতিনিধিদের মাধ্যমে। লিগ কমিটি সিদ্ধান্ত নিয়েছে সার্ভিসেস দলগুলোর খেলোয়াড়দের মধ্যে হতে একটি ক্লাব সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড় দলে নিতে পারবে। একটা অলিখিতভাবে পুল প্রথা তৈরি করা হয়েছে।
জিমি বললেন, ‘পাঁচ জন না করে ছয় জন কিংবা সাত জন করলে ভালো হতো। কারণ একজন বাড়ানো হলে পাঁচ জন বেড়ে যায়। দুই জন বাড়ানো হলে ১০ জন বেড়ে যায়। খেলোয়াড়রা সুযোগটা বেশি পেত।’
বিদেশি কোটায় সাত জন রেজিস্ট্রেশন করা যাবে। একজন খেলতে না পারলে দেশে ফিরে যাবে। শূন্য কোটায় আরেক জন আসবে। কোটা ভরাট করার সুযোগ থাকবে কিন্তু দেশি খেলোয়াড়দের এই সুযোগ নেই। দেশি কোটা পূর্ণ হওয়ার পর কেউ ইনজুরিতে পড়লে খেলোয়াড় বদল করা যাবে না। এটা একটা ক্লাবের জন্য ক্ষতি, কোটা আটকে থাকে। এবারও একটি ক্লাব বিকেএসপির সব খেলোয়াড় দলে নিতে পারবে না। কোটা বেঁধে দিয়ে চার জন রাখা হয়েছে। তবে লিগ কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করে বলছিলেন, মিটিংয়ে আসার আগেই সিদ্ধান্ত হয়ে থাকলে মিটিং করে লাভ কি। ২০১৮ সালে শেষবার লিগ হয়। সেবার নানা অঘটন ঘটেছিল। তারপর থেকে লিগ নিয়ে শুরু হয় অনিশ্চিয়তা। জিমি হাসতে হাসতে বলছিলেন, আর কিছু দিন গেলে এটা অলিম্পিক হকি লিগ হয়ে যেত।
