বঙ্গবন্ধু ও স্বাধীনতাবিরোধীদের রাজনীতি চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন :তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, এদেশে বঙ্গবন্ধুকে অস্বীকারকারী ও স্বাধীনতাবিরোধীদের রাজনীতি চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে পুনর্বাসিত স্বাধীনতাবিরোধীদের রাজনীতির ধারায় জাতির পিতাকে অস্বীকার করা হয়। যে মহানায়কের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যিনি স্বাধীনতা এনে বাঙালিকে প্রথম জাতিরাষ্ট্র দিয়েছেন তাকে এবং তার অবদানকে অস্বীকার করা হয়। এটা যারা করে তাদের রাজনীতি এদেশে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন।’ এ সময় দেশ-বিদেশের উদাহরণ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপে গেলে দেখা যায়, নেদারল্যান্ডসে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নািসদের সহযোগিতা বা সমর্থন করেছিল, তাদের নিজ দেশে ভোটাধিকার নেই।’ ড. হাছান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য এদেশে স্বাধীনতাবিরোধীরা এখনো রাজনীতি করে। তারা এমপি-মন্ত্রীও হয়েছে এবং তা প্রথমে জিয়াউর রহমান ও পরে তার স্ত্রী বেগম জিয়ার পৃষ্ঠপোষকতাতেই। এগুলো বন্ধ হওয়া উচিত এবং এনিয়ে বিতর্ক কখনোই বাঞ্ছনীয় নয়।’

জাতীয় প্রেসক্লাব আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সভায় দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সদস্য মো. আইয়ুব ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর ওপর গানবাংলা টিভির

গানের প্রকাশনা

এদিকে গতকাল সকালে মন্ত্রী ড. হাছান মাহমুদ বঙ্গবন্ধুর ওপর রচিত গান ‘যদি রাত পোহালেই শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ গানটি প্রকাশ করেন। মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে এ সময় গানবাংলা টিভির চেয়ারপারসন ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস উপস্থিত ছিলেন। দেশের বরেণ্য সব শিল্পীদের সমবেত কণ্ঠে নতুন করে নির্মিত এই গানটিকে হূদয়ছোঁঁয়া বলে অভিহিত করেন ড. হাছান।

রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে শোক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নূরুন্নবী সওদাগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।