সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখান উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নবাসীর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের মাধ্যম সিরাজদিখান-বালুচর সড়ক। এলজিইডি বিভাগের ছয় কিলোমিটার দীর্ঘ এ সড়কের বিভিন্ন জায়গায় বর্তমানে বড় বড় গর্ত ও অনেক স্থানে দুইপাশ ধসে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
লতব্দী ইউনিয়নের নতুন ভাসানচর এলাকার কৃষক মনির হোসেন বলেন, ১০ বছর আগে রাস্তার কার্পেটিংয়ের কাজ হওয়ার পর আর মেরামত হয়নি। বর্তমানে নতুন ভাসানচর সেতুর ঢালে ও রামানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গয়াতলা পর্যন্ত অনেক স্থানে দুই পাশের মাটি ধসে রাস্তা শুরু হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ স্থানগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ জানান, রাস্তাটি মেরামতের জন্য গত বছর টেন্ডার হয়েছে। ঠিকাদার লকডাউন ও বৃষ্টির কারণে কাজ শুরু করতে দেরি করেছে বলে জানান। তবে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে।
