নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরকে মানিকগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে। স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এছাড়া এ কর্মসূচি থেকে ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া সড়কে রেললাইন সংযোগের দাবি জানানো হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলে গতকাল স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, তারেক মাসুদ-মিশুক মুনির স্মৃতি পরিষদ, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন বাস্তবায়ন আন্দোলন কমিটি ও বারসিকের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারেক মাসুদ-মিশুক মুনির স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দুর্ঘটনাস্থলে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—তারেক মাসুদ-মিশুক মুনির স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম, বারসিক প্রতিনিধি সুবীর সরকার ও বারসিকের গবেষক নজরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন—স্মৃতি পরিষদের সভাপতি রুহিদাস চক্রবর্তী, কবি মঞ্জুর হোসেন মন্টু, শিক্ষক হেলাল খান, সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব আতোয়ার রহমান তোহা প্রমুখ। মানববন্ধনে বক্তারা নিহত তারেক মাসুদ-মিশুক মুনিরের দুর্ঘটনাকবলিত স্থানে তাদের স্মরণে ভাস্কর্য নির্মাণ ও ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া সড়কে রেললাইনের দাবি জানান।
এরপর তারেক মাসুদ-মিশুক মুনির স্মৃতি পরিষদ ও রেইনবো থিয়েটারের উদ্যোগে বানিয়াজুরী বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি এস আর আনসারী বিল্টুর সহযোগিতায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা নামক এলাকায় তাদের বহনকৃত মাইক্রোবাসটি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রো বাসের আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনিরসহ পাঁচ জন নিহত হন।
