চালক ছাড়া সিএনজি অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবি

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৫১

বিশেষ প্রতিনিধি

চালক ছাড়া ব্যক্তি মালিকানায় সিএনজি অটোরিকশার নিবন্ধন (ব্লু-বুক) না দেওয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশাচালক সংগ্রাম পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম, ফোরকান, এ আর জাহাঙ্গীর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চালকরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেও অন্ন, বস্ত্র, ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো, মাস শেষে ঘরভাড়াটাও একসঙ্গে দেওয়া দায় হয়ে ওঠে। পরিবার পরিজন অসুস্থ হলে চিকিত্সার ব্যবস্থা পর্যন্ত করতে পারেন না। এদিকে রাস্তায় সিএনজি অটোরিকশার মালিক-প্রশাসন ও চাঁদাবাজ দালালদের অত্যাচার তো আছেই। এখন সে সবের মাত্রা ছাড়িয়ে গেছে। করোনার আগের মতো অনৈতিকভাবে মাসে দুই বার জমা বৃদ্ধি করছেন মালিকরা। এখন তারা প্রতিদিন ১ হাজার ৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেন।

তারা আরো বলেন, প্রায় ১ হাজার সিএনজি মালিকের কাছে ঢাকা শহরের প্রায় ১ লাখ সিএনজিচালক ও ১ কোটি যাত্রী জিম্মি। যাত্রীদের ধারণা, সিএনজি অটোরিকশার চালকরা যাত্রীদের ওপর জুলুম করে। সিএনজি অটোরিকশার চালকদের নামে বিভিন্ন সংগঠন রয়েছে। এরা মূলত মালিকপক্ষের দালালি করে নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই বোঝে না বলে অভিযোগ তাদের।