বিশেষ প্রতিনিধি
টানা ১৯ দিন পর বিধিনিষেধ শিথিল হওয়ার পর দুই দিন যানজটে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। তবে গতকাল শুক্রবার রাজধানীর সড়ক ছিল অনেকটাই ফাঁকা। গতকাল ছুটির দিন হওয়ায় ছিল না অফিসগামী মানুষের ভিড়। অনেক মার্কেট এবং শপিংমল ছিল বন্ধ। সেই সঙ্গে সড়কে চলেছে তুলনামূলক কম যানবাহন। ফলে রাজধানীর সড়কগুলো গতকাল অনেকটাই ছিল ফাঁকা। কুড়িল বিশ্বরোড এলাকায় কথা হয় পথচারী হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, লকডাউন শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ প্রয়োজনীয় কাজে বেরিয়েছিল। সে কারণেই দুই দিন রাজধানী জুড়েই তীব্র যানজট ছিল। গতকাল সাপ্তাহিক ছুটি হওয়ায় সড়কে পথচারীর সংখ্যা ছিল খুবই কম। পাশাপাশি সড়কে যানবাহনের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যারা চাকরি করেন তারা পরপর তিন দিন ছুটি পেয়ে বাড়ি চলে গেছেন। ফলে এক স্থান থেকে আরেক স্থানে সহজেই স্বস্তিতে চলাচল করা গেছে। তবে এ অবস্থা বেশি দিন থাকবে না। সাপ্তাহিক ছুটি শেষে রাজধানী আবার ফিরে যাবে তার আগের রূপে।
