সাভারে শ্রমিকনেতাকে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবিতে সমাবেশ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

সাভারে শ্রমিকনেতা রতন হোসেন মোতালেবকে অপহরণ ও হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সাভারের ধসেপড়া রানা প্লাজার সামনে গতকাল সকালে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন।

সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, গত ৩০ জুলাই আশুলিয়ার গৌরীপুর এলাকার কথিত আওয়ামী লীগ নেতা রাজু আহমেদের লোকজন শ্রমিকনেতা রতন হোসেন মোতালেবকে  অপহরণ করে তার গোডাউনে আটকে রেখে  নির্যাতন ও হত্যার চেষ্টা করে।  এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করেন নির্যাতিত শ্রমিক নেতার স্ত্রী। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। তা না হলে, শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি ঘোষণার  হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি শাহ্ আলম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার, সাধারণ সম্পাদক আহমেদ জীবনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।