দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থানে আড়াইহাজার

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৫১

মাসুম বিল্লাহ, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আড়াইহাজার উপজেলা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গত জুন ও জুলাই মাসের সার্বিক ফলাফলে আড়াইহাজার উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। মূলত বর্তমান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ মডেল চালু করেন। এ মডেলের আওতায় জনগণের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ও প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে পৌরসভা-ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে সনদ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

গত জুলাই মাসে শুধু আড়াইহাজার উপজেলায় ১ হাজার ৯২৬টি জন্ম নিবন্ধন সনদ ও ১১৮টি মৃত্যু নিবন্ধন সনদ বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধনে ‘নারায়ণগঞ্জ মডেল’ একটি পরীক্ষিত ও কার্যকরী মডেল, এর মাধ্যমে আমরা জনসংখ্যার সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে কার্যকরী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, ‘আমরা জন্ম ও মৃত্যু নিবন্ধনের ‘নারায়ণগঞ্জ মডেল’ বাস্তবায়নে সংসদ সদস্য, পৌরসভার মেয়র-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করে অভীষ্ঠ লক্ষ্য অর্জনে কর্মপন্থা নির্ধারণ করি।

গ্রাম পুলিশ ও পৌরসভার নির্বাচিত কর্মচারীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করে সনদ বাড়ি পৌঁছে দিচ্ছি। চলতি মাসেই আমরা জেলা প্রশাসকের উদ্যোগে নবজাতক শিশুদের জন্য বেবি ডায়পার সরবরাহের উদ্যোগ নিয়েছি।