শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

কেরানীগঞ্জের ঝাউচরে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় সন্ত্রাসী গ্রুপের হাত থেকে রক্ষা পেতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শহিদ মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের ছেলে মো. হানিফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মিন্টু বেপারি, জহিরুল ইসলাম, সামছুল ইসলাম ও মতিউর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে হানিফ মিয়া বলেন, সজীব বেপারি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও নিজেকে বাঁচাতে আওয়ামী লীগের নেতা সেজে চাঁদাবাজি, জমি দখল ও অসহায় মানুষকে অত্যাচার করছেন। স্থানীয় শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার একটি জমি দখল করে সজীব বেপারি সাইনবোর্ড লাগিয়েছেন। এ ব্যাপারে বাধা দিতে গেলে সজীব বেপারি তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।