দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের প্লিমাথ শহরে গুলির লড়াইয়ে অন্তত ছয় জন নিহত হয়েছে। তবে এটা জঙ্গি আক্রমণ নয় বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার বিকালের দিকে হঠাত্ই একের পর এক গুলি চলতে শুরু করে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের প্লিমাথ শহরে। পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের দল সেখানে পৌঁছে যায়। ততক্ষণে ছয় জনের প্রাণ যায়। বহু মানুষকে আহত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে একজন আততায়ী আছে বলে জানিয়েছে পুলিশ। খবর ডয়চেভেলের
ঠিক কী ঘটনা ঘটেছিল। কতজন বন্দুকধারী জড়ো হয়েছিল। দুই পক্ষের মধ্যে গুলি চলেছে নাকি, বন্দুকধারীরা সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। পুলিশ আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা কেবল জানিয়েছে, ঘটনায় ছয় জনের প্রাণ গেছে এবং এটি জঙ্গি হামলা নয়। স্থানীয় মানুষের কাছে পুলিশের আবেদন, ঘটনার ছবি বা ভিডিও যেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া না হয়। উত্তেজনা ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরেই তারা সেখানে সাধারণ অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। চিকিত্সক এবং নার্সদেরও পাঠানো হয় ঘটনাস্থলে। তারাই সেখান থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তিদের চিকিত্সা চলছে।
