আগৈলঝাড়ায় বিয়ের গাড়ি বহরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে হামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২:৫০

আগৈলঝাড়ায় চাঁদার দাবিতে শ্রমিক লীগ নেতার ছেলের বিয়ের বর যাত্রীর গাড়ি বহরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে হামলায় একটি মাইক্রোবাস, দুটি মোটর সাইকেল ভাংচুর। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার তার ভাই মিজান সিকদারসহ ৫জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মজিদ সিকদারের ছেলে মো. সোহাগ সিকদারকে (৩৬) গ্রেফতার করেছে।

উপজেলার পয়সারহাট গ্রামের মৃত শাহেব আলী শেখের ছেলে বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য আব্দুর রাজ্জাক শেখের দায়ের করা এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, বাদী ড্রেজারের মাধ্যমে বালু ব্যবসার সাথে জড়িত। তার বালুর শিপ পয়সা থেকে পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলার মধুর নাগরা যাবার পথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারের বাড়ি সংলগ্ন  সরকারি খাল দিয়ে যাবার সময় মৃত এনায়েত সিকদারের ছেলে ফিরোজ সিকদার, তার ভাই মিজান সিকদারসহ অন্যান্যরা চাঁদা দাবি করে আসছিলো। রাজ্জাক শেখ তাদের চাঁদা দিতে অস্বীকার করায় মিজান সিকদার তাকে প্রকাশ্যে গুলি করে হত্যারও হুমকি দেয়।