পদ্মা সেতুর পিলারে আবার ফেরির ধাক্কা

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২:৫০

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা লেগেছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পিলারে ধাক্কা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের। তবে পিলারের তেমন কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান। উল্লেখ্য, এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত লাগে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের  সাময়িক বরখাস্তও করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে ফেরিটি আসার কথা থাকলেও নদীর প্রচণ্ড সে াতে ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে। এতে ফেরির একপাশে ফাটল ধরলেও পানির স্তরের ওপরে হওয়ায় ফেরিতে পানি ওঠেনি এবং কেউ আহত হয়নি। ফেরিটি যানবাহন ও যাত্রী নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছে।

সরষের মধ্যে ভূত আছে কি না, খতিয়ে দেখতে হবে : সেতুমন্ত্রী

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কাকে নিছক কোনো দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। এখানে কোনো অন্তর্ঘাত আছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। গতকাল শুক্রবার বিকালে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালি ফসল। এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো পদ্মা সেতুর পেছনে লোক লেগে আছে। উপস্থিত সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি বলেন, সরষের মধ্যে ভূত আছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। পদ্মা সেতুতে আঘাত করে সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। পদ্মা সেতু পুরো জাতির সম্পদ।

এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, জাজিরা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

পিলারে আঘাত অসাবধানতার কারণে হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পদ্মা সেতুর পিলারে ফেরির আঘাত অসাবধানতার কারণে হয়েছে। দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব?্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। পদ্মা সেতুর নিরাপত্তা অনেক বড় কথা। এ সেতুতে আঘাত যেন আমাদের হূদয়ে আঘাত। আমরা এতে বিব্রত হচ্ছি। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম?্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম?্যান কমডোর গোলাম সাদেক এবং পদ্মা সেতুর নিরাপত্তার ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের বলেন,  আমরা ফেরি চলাচলের জন্য ২ থেকে ৬ নম্বর পিলারের মাঝ বরাবর ব্যবহার করতে বললেও তা ব্যবহার না করে বিআইডব্লিউটিসি বেশি সে াতের স্থান দিয়ে অন্য পিলারের মাঝ বরাবর ফেরি চালাচ্ছে এবং পিলারে বারবার ধাক্কা লাগছে।