নওগাঁর মান্দায় আসামি ধরার নামে সদর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বাড়িতে এক নারীকে হেনস্তা করা ও তাণ্ডব চালানোর অভিযোগে সাদা পোশাকের পুলিশের উপ-পরিদর্শক আতিউর রহমান জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন। এ সময় সাদা পোশাকের ঐ এসআইসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আপ্যায়ন কক্ষের দরজাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরেরও অভিযোগ তোলা হয়েছে। সংবাদ পেয়ে তিন ঘণ্টা পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে উপ-পরিদর্শক আতিউর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার সকালে উপজেলার মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামে চেয়ারম্যান তোফার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মান্দা থানার উপ-পরিদর্শক আতিউর রহমানকে লাঞ্ছিতসহ অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে তিন ঘণ্টা পর উপ-পরিদর্শক (এসআই) আতিউরকে মুক্ত করে নিয়ে আসেন। স্থানীয়দের অভিযোগ, অতি উত্সাহী হয়ে আসামি ধরার নামে একজন জনপ্রতিনিধির বাড়িতে সন্ত্রাসী কায়দায় সাদা পোশাকে হামলা চালিয়েছেন এসআই আতিউর রহমান। এ ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেন তারা।
ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের এক নারী একই ইউনিয়নের কৃষ্ণপুর মত্স্যজীবীপাড়ার আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের মৌখিক অভিযোগ দেন। বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য বারবার তাগাদা করছিলেন ঐ নারী। শুক্রবার সকালে মীমাংসার জন্য দুইপক্ষ বাড়িতে আসেন। এ অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রুস্তম আলীকে ডেকে নেই। চেয়ারম্যান অভিযোগ করে বলেন, দুইপক্ষকে নিয়ে অ্যাপায়ন কক্ষে আলোচনা চলাকালে হঠাত্ করেই সাদা পোশাকে এসআই আতিউর রহমানসহ কয়েক জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকে রুবেল হোসেনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ঐ পুলিশ সদস্যরা। এসময় বাধা দিলে কয়েকজন নারীকে হেনস্তা করাসহ ঐ কক্ষের বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঐ এসআইকে পালটা হেনস্থা করে অবরুদ্ধ করে রাখে।
ইউপি সদস্য রুস্তম আলী অভিযোগ করে বলেন, পুলিশ সদস্যরা আসামি ধরার নামে কয়েক জন নারীর পরনের কাপড় ছিঁড়ে ফেলে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় ভিকটিম ঐ নারী থানায় মামলা করেন। মামলার আসামিকে ধরতে চেয়ারম্যান তোফার বাড়িতে অভিযানে যান এসআই আতিউর রহমান। সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
