বিএনপির মাথা থেকে ওয়ান-ইলেভেনের ভূত এখনো নামেনি -------ওবায়দুল কাদের

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২:৫৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশে ওয়ান ইলেভেন বিএনপির কারণেই সৃষ্টি হয়েছিল। বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির সেই ভূত এখনো নামেনি বলেও তিনি উল্লেখ করেন। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা শ্রাবণের শেষ প্রান্তে এসে এখন নতুন করে আষাঢ়ের গল্প শুরু করেছেন। তারা বলছেন, শেখ হাসিনা সরকার নাকি ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা। দেশের জনগণ ভালো করেই জানে যে, ওয়ান ইলেভেন বিএনপির কারণেই সৃষ্টি। আসলে বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেনের ভূত এখনো নামেনি। দেশবাসীর কাছে অজানা নয়—কারা বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল? কারা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে প্রহসনের নির্বাচন করতে চেয়েছিল? কারা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করে এ দেশের জনগণের ভোটাধিকারের সঙ্গে তামাশা করেছিল? মূলত বিএনপির অন্ধ ক্ষমতা লিপ্সা আর অবাধ দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টা সেদিন ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল।

সেতুমন্ত্রী বলেন, করোনার শুরু থেকে জনগণের জীবনের পাশাপাশি জীবিকার সুরক্ষা, অর্থনীতির চাকা সচল রাখা, অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর বিএনপি শুরু থেকে জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। সমালোচনার নামে ঢালাও মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সরকার নাকি করোনা ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। সফল নাকি ব্যর্থ—তা দেশের মানুষ দেখছে, কিন্তু আপনারা কী করছেন লিপসার্ভিস ছাড়া? তিনি বলেন, বিএনপি এখনো তাদের ষড়যন্ত্র এবং অপরাজনীতির জাল বিস্তারেই ব্যস্ত। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া অন্ধকার চোরাগলি পথে ক্ষমতা দখলের রঙিন খোয়াব আর এদেশে সফল হবে না।