অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে -------------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২২:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের যেসব সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন তাদের শাস্তি হবে। গতকাল শুক্রবার ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির সঙ্গে ডিএমপির ডিবি গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্কে জড়ানোর তথ্য এসেছে। বৃহস্পতিবার পিবিআইর পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন তারই এক সহকর্মী। এছাড়া রবিবার ফেনীতে ক্রসফায়ারের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার কেড়ে নেওয়ার ঘটনায় ডিবি পুলিশের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এমন দাবি করে গত বুধবার সিআইডির একজন বিশেষ পুলিশ সুপার ও একজন উপ-পরিদর্শকের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন একজন ব্যবসায়ী।

এসব ইস্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ বাহিনীর দুই-একজন সদস্য অপকর্মে জড়াতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদেরও শাস্তি হবে।