ট্রেন-ট্যাংকার সংঘর্ষ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০০:২৮

গাজীপুর মহানগরীর পূবাইলের মীরের বাজার এলাকায় এলপিজি গ্যাসবাহী ট্যাংকারের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন পথচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি ট্যাংকার মীরের বাজার রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী ট্যাংকারের পিছনের অংশ ভেঙে যায়। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লড়িটি সরিয়ে নেওয়ার কাজ করে।

পূবাইল থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, ঢাকা বাইপাস সড়কে যানজট থাকায় ট্রেনের সিগন্যাল পড়লেও গ্যাস ভর্তি ট্যাংকারটি রেললাইন অতিক্রম করতে পারেনি। একপর্যায়ে চট্টগ্রামগামী তিতাস কমিউটার ট্রেনটি চলে এলে ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি থেমে যায়। পরে ট্রেনটি পিছন দিক দিয়ে পূবাইল স্টেশনে চলে যায়।