বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মধ্যে একটি ত্রিপক্ষীয় বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট বাংলাদেশ বিমান বাহিনীর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণ এবং সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সার্বিকভাবে কার্যকরী তথ্য ও সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম এবং সভাপতি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। আরো উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) এবং বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম। —আইএসপিআর
