নারী কর্মচারীকে সুপারশপ মালিকের হয়রানি ব্যবস্থা নিল পুলিশ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০০:২৯

খুলনায় একটি সুপারশপে চাকরি করতেন এক নারী। চাকরিতে প্রবেশের পর থেকেই সুপারশপের মালিক তার দিকে বাজেভাবে তাকাতেন। অনেক সময় তার সঙ্গে খারাপ আচরণও করতেন। অতিষ্ঠ হয়ে সেখানে চাকরি ছেড়ে দিলেও নানাভাবে হয়রানি করতে থাকেন সুপারশপের মালিক। আটকে রাখেন ঐ নারীর বেতনের টাকা। এছাড়া ঐ নারী যেখানেই চাকরি নিচ্ছিলেন সেখানেই তাকে অনুসরণ করছিলেন। সুপারশপের ঐ মালিকের হস্তক্ষেপে কয়েকটি প্রতিষ্ঠানে চাকরিও খুইয়েছেন। উপায় না পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ পরিচালিত ফেসবুক পেজে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এর পরই তার পাশে সহযোগিতার হাত বাড়ায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সুপারশপের মালিককে আইনের আওতায় আনে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা।

সোহেল রানা জানান, অভিযোগ পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. হাসান আল মামুনকে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরে ওসি অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনেন, ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করেন এবং তার পাওনা টাকা আদায়ের উদ্যোগ নেন।

সমস্যাটির সমাধান হওয়ায় উক্ত নারী বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।