মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন অবশেষে স্বীকার করেছেন যে, পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা নেই। তিনি পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যেতে পারেন। তাই তিনি বিরোধীদের সমর্থন চেয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরই নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন। আগামী মাসে পার্লামেন্টের অধিবেশনে আস্থা ভোটে নিজের জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী ছিলেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন। তিনি জয়ের ব্যাপারে অঙ্গীকার করেছিলেন। কিন্তু তার সরকারের জোটের অংশীদাররাও তার ওপর ক্ষুব্ধ। অনেক এমপি ইতিমধ্যে তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, তিনি সহজেই বিদায় নিতে পারেন। কিন্তু এমন কেউ নেই যার সংখ্যাগরিষ্ঠতা আছে এবং রাজা যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কোনো সরকার থাকবে না এবং দেশ একটা সংকটের মধ্যে পড়বে। —আলজাজিরা
