বিধিনিষেধ তুলে নেওয়ায় সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা জাতীয় কমিটির

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১০:১০

বিধিনিষেধ তুলে নেওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানানো হয়।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত চলা লকডাউন কঠোরভাবে পালিত হয়নি। কিন্তু জনসমাবেশ হওয়ার মতো বেশকিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি দেখা গেছে। তবে সংক্রমণ ও মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি।

বলা হয়, সাম্প্রতিককালে সরকারের দ্রুত বিধিনিষেধ শিথিল করার, তুলে নেওয়ার সিদ্ধান্তে জাতীয় কমিটি উদ্বেগ প্রকাশ করছে। জীবিকা ও দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সরকারের দায়িত্ব স্বীকার করলেও কমিটি মনে করে, বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে সরকার তাড়াহুড়ো করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশংকা বাড়তে পারে, তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে।

আজ থেকে মানতে হবে যেসব বিধিনিষেধ

করোনা সংক্রম নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া বিধিনিষেধের বেশিরভাগই ১১ অগাস্ট থেকে তুলে নেওয়া হয়েছে।

সব ধরনের সরকারি-বেসরকারি গণপরিবহন, অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও দোকানপাট ও শিল্পকারখানা চালু রাখার সিদ্ধান্ত হয়। ১৯ অগাস্ট থেকে পর্যটনকেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও খুলে দিচ্ছে সরকার।

তবে অন্তত সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পর্যটন-বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ইত্যাদি আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করেছে জাতীয় কমিটি।

ইত্তেফাক/এএএম