বরিশাল বিভাগে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বরিশালে তিনজন, ঝালকাঠিতে একজন ও বরগুনায় একজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৭০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৬ জন এবং করোনা আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ১৭০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪০ হাজার ৭৬২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৭ জন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ শুক্রবার রাতের রিপোর্টে ৩০ দশমিক ৮৪ শতাংশ।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২৬৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৬০ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ১৯৯ জন রোগী।
ইত্তেফাক/এএএম
