বিবিসি
কৃষ্ণসাগর উপকূলসংশ্লিষ্ট এলাকায় বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যুর পর তুরস্কের উত্তরাঞ্চলে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। বন্যায় দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ কাস্তামোনুতেই ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলসংলগ্ন সিনোপে মারা গেছে আরো দুই জন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে হেলিকপ্টার ও নৌকা মোতায়েন করা হয়েছে।
টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বেশ কিছু ভবন ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙাচোরা গাড়ির কারণে একাধিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে; অনেক এলাকায় বিদ্যুতের সংযোগও নেই। চলতি মাসে তুরস্ককে দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দেওয়া ভয়াবহ দাবানলের বিরুদ্ধেও লড়তে হয়েছে। মারমারিস ও আশপাশের বিভিন্ন এলাকার কয়েক হাজার বাসিন্দা ও পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা ঐ আগুন এখন নিয়ন্ত্রণে আছে। তুরস্কের এ দফার দাবানলে আট জনের প্রাণ গেছে, পুড়ে গেছে ১ লাখেরও বেশি হেক্টর জমির গাছপালা। সাম্প্রতিক দুর্যোগগুলো মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে তুরস্ক জুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাস্তামোনু সফর করেছেন এবং বন্যায় মৃত কয়েক জনের শেষকৃত্যে অংশ নিয়েছেন। তিনি হতাহতদের পরিবারকে সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছেন।
